মানব সম্পদ উন্নয়ন
নূরুল ইসলাম খলিফা মানুষ হচ্ছে পৃথিবী নামক গ্রহের শ্রেষ্ঠ সম্পদ, অফুরন্ত সম্ভাবনাময় একটি সৃষ্টি। মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয় যার অর্থ সমস্ত সৃষ্টির সেরা। মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি। সুতরাং আল্লাহ’র পক্ষ থেকে মানুষ পৃথিবীর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। মেধা ও যোগ্যতার অনন্য সমন্বয় রয়েছে মানুষের মধ্যে। খোদার সৃষ্টিকে সাজানোর এক সুনিপুণ কারিগর করে সৃষ্টি করা হয়েছে মানুষকে। তাইতো যেখানেই মানুষের হাত লাগে সেখানটাই হয়ে ওঠে সুষ্ঠ সুন্দর সু-সজ্জিত ও পরিপাটি। মানুষের হাতের ছোঁয়ায় বিশ্ব সভ্যতার ক্রমোন্নতি। তিল তিল করে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে মানব সভ্যতা। মানুষই এখানে মূল কারিগরের ভূমিকা পালন করছে - যদিও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সমগ্র উপকরণ আল্লাহ’রই দেয়া। কিন্তু এ উপকরণগুলো যথাযথ প্রয়োগ ও ব্যবহারের মাধ্যমে পৃথিবীকে আরো বেশী সুন্দর ও আবাসযোগ্য করার কৃতিত্ব মানুষেরই। আল্লাহ’র প্রতিনিধিত্বের মর্যাদাপ্রাপ্ত মানুষ তাই সর্বশ্রেষ্ঠ। বাস্তবিক পক্ষেই পৃথিবীতে যত বস্তুগত সম্পদ (Material resources) আছে, তা যতক্ষণ মানুষের হাতে ব্যবহৃত না হয় ততক্ষণ তার উপযোগিতা বা ক...